1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

চরাঞ্চলে বজ্রপাত ঠেকাতে তালবীজের ঢাল, চরভদ্রাসনে রোপণ ৬০০ তালবীজ

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

চরাঞ্চলের উন্মুক্ত পরিবেশে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরের চরভদ্রাসনে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬০০টি তালবীজ রোপণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়েছে ৫০০টি ফলদ ও ঔষধি গাছের চারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চরঝাউকান্দা ইউনিয়নের চরগোপালপুর ও চরকল্যাণপুর মোল্লাডাঙ্গী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা পরিষদের বাস্তবায়নে এবং ‘পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর’-এর সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। বিশেষ করে নদীবেষ্টিত চরাঞ্চলের খোলা জায়গাগুলোতে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় তালগাছ রোপণের মাধ্যমে দীর্ঘমেয়াদে ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ফরিদপুর জেলার তিনটি উপজেলার ১০টি চরাঞ্চলীয় ইউনিয়নে প্রাথমিকভাবে ৫ হাজার তালবীজ রোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ।

কর্মসূচিতে পরিবেশ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য নাজমুল হাসান, মো. জহিরুল ইসলাম, ইরা নাহার দিপা, লিয়াকত আলী, জাহিদ হোসেন, মামুনুর রশিদ বাবু, ফজলুল রহমান খান, স্থানীয় মেম্বার ফারুক, কুদ্দুস ও ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি তালবীজ রোপণের মাধ্যমে চরাঞ্চলে সবুজায়ন বাড়ানোর উদ্যোগকে পরিবেশ সুরক্ষার একটি দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে দেখছেন আয়োজকেরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট