চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় চরভদ্রাসন থানার মাদকবিরোধী অভিযানের বিষয়ও উঠে আসে। সভায় জানানো হয়, গত ১৭ জুলাই রাত সাড়ে ১টার দিকে চরভদ্রাসন থানা পুলিশ ইমরান, রনি ও আজমলসহ কয়েকজনকে আটক করে। পরে তাদের আদালতে পাঠানো হলে অভিযোগ অস্বীকার করার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছে বলে সভায় আলোচনা করা হয়। এ বিষয়ে গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীও বক্তব্য দেন।
মাদক নির্মূলে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর অভিভাবকদের নজর রাখা জরুরি। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াদুজ্জামান মোল্লা, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ পাকুরিয়া, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।