চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী এলাকায় সরকারি খাল বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে খালটি ভরাটের ফলে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে প্রায় ৮০০ মিটার এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় দৈনিক দিনকালের চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল।
রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বীজ সংলগ্ন এলাকার বাসিন্দা সাইদ আলী মোল্যা, পিতা- হাতেম মোল্যা, গত কয়েক মাস ধরে সরকারি খালে বালু ফেলে তা ভরাট করে ভোগদখলের চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়েছে, খালটি ভরাটের কারণে এর স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ফলে খালের অপর প্রান্তের প্রায় ৮০০ মিটার এলাকায় পানি আটকে থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। একই সঙ্গে মশা-মাছি ও সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষি কার্যক্রমও হুমকির মুখে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মোস্তফা কামাল বলেন,
“সরকারি খাল জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এটি দখল বা ভরাট করার অধিকার নেই। খালটি ভরাট হওয়ার কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে খালটি উদ্ধার এবং দখল ও ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। জনস্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “খাল রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সরকারি জলাশয় ও খাল দখল বন্ধ করা না গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্যহীনতা এবং কৃষি উৎপাদনে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগপত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রহণ করা হয়েছে বলে দাপ্তরিক সিলমোহরে উল্লেখ রয়েছে।