নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদক সেবন এবং এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে উশৃঙ্খল ও অশালীন আচরণের অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৬ পিস ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে ধ্বংস করা হয়।
বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার ‘রাজার চর ওয়াজ হাওলাদার কান্দি’ গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মো. আশরাফ কাজীর ছেলে আমিনুল কাজী (৩১) এবং একই গ্রামের খলিল শেখের ছেলে আজিজুল শেখ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে আসছিলেন। বুধবার তারা মাদক কেনার চেষ্টা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয় এবং তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর তারা নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।