চরভদ্রাসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা নবাগত ওসির
প্রকাশিত:
সোমবার, ২৯ জুন, ২০২৬
১২
বার পড়া হয়েছে
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী, (আইজিপি ব্যাচ প্রাপ্ত), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ মালি, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ গোলাম মোর্তজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির ও বদরুদ্দিন মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, মো. উজ্জ্বল, মোস্তফা হোসেন ফানুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় নবাগত ওসি সফর আলী বলেন, “সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে আমার কোনো আপস নেই। আমার উপজেলায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না। তাদের পক্ষে কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি সুপারিশ নিয়ে আসবেন না। যদি কেউ এ ধরনের সুপারিশ করেন, তাহলে আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় আমি তাদের নাম প্রকাশ করব। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত সদস্যরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।