চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রবিবার (২৮ জুন) সফলভাবে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলার ৯৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার চারটি ইউনিয়নে ২৪টি করে মোট ৯৬টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কেন্দ্রসহ মোট ৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা এসব কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান।
এ কর্মসূচিতে ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৪৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।