ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অবস্থিত উপজেলা পরিষদ মার্কেট ভবন বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ভবনটির বিভিন্ন অংশে ফাটল, দুর্বল অবকাঠামো এবং অগ্নি নিরাপত্তার ঘাটতি থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার বা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই মার্কেটে যাতায়াত করছেন।
এ বিষয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, “আমরা ভবনটি পরিদর্শন করে দেখেছি যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হবে। ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা ও জরুরি নির্গমন পথও নিরাপদ নয়।”
তিনি আরও বলেন, “যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নতুবা বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে।”
ফায়ার সার্ভিসের এই সতর্কবার্তার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, জনগণের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এই ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক।
এদিকে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়াই হবে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।